
ভারতের কাশ্মীরে সংঘর্ষে নিহত হিসেবে দাবি করা পাকিস্তানের সাবেক সেনাসদস্য হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তাকে হাজির করেন।
জিও নিউজের খবরে বলা হয়, আইএসপিআর ডিজি দাবি করেন, ভারত আরেকটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’-এর মাধ্যমে এমন একটি ঘটনা তৈরি করেছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) একটি সংঘর্ষে সাবেক পাকিস্তানি সেনাসদস্য মুহাম্মদ আসিফ নিহত হয়েছেন।
তিনি বলেন, ঘটনাটি শুরু হয় ২৯ সেপ্টেম্বর রাতে। ওই রাতে ভারতীয় কর্পস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোরাগ, ইউসমার্গ এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং সেখানে একজন ‘সন্ত্রাসী’কে নিষ্ক্রিয় করা হয়েছে।
এর প্রায় সাত ঘণ্টা পর ভারতীয় সেনাবাহিনী আরেকটি আপডেট দিয়ে দাবি করে, পালমাইদান এলাকায় যুদ্ধের সরঞ্জামসহ লস্কর-ই-তইবার সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর কিছুক্ষণ পর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, মোহাম্মদ আসিফ ১৯৮০ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে পিএ-৩১০৬৯৪৭ সার্ভিস নম্বরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং হাবিলদার পদ থেকে অবসর নেন। ২০০৫ সালে তিনি স্পেশাল সার্ভিসেস গ্রুপে (এসএসজি) যুক্ত হন এবং ৪ কমান্ডো ইয়ালগার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সাল থেকে বেলুচিস্তানে তার পোস্টিং ছিল এবং বেলুচ বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় ১০টি অভিযানে অংশ নেন। তাকে ১৩টি হত্যার কৃতিত্বও দেয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভিভিআইপি নিরাপত্তা দলে দায়িত্ব পালন করেছিলেন বলেও জানায় এএনআই।
সংবাদ সম্মেলনে আইএসপিআর মহাপরিচালকের পাশে দাঁড়িয়ে মুহাম্মদ আসিফ বলেন, তিনি অ্যাটক জেলার তেহসিল পিন্ডিঘেবের বাসিন্দা। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় বন্ধুরা আমাকে ফোন করে জানায়, ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে যে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে এক সংঘর্ষে আমাকে হত্যা করেছে। তারা জানতে চেয়েছিল আমি কোথায় আছি। আমি বলেছিলাম, আমি জীবিত ও সুস্থ আছি এবং আলহামদুলিল্লাহ বাড়িতে বসে আছি।’
আসিফ জানান, তিনি সঙ্গে সঙ্গে তার সাবেক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান যে তিনি নিরাপদে বাড়িতে আছেন, যাতে তার বিষয়ে কোনো ভুল ধারণা বা অভিযোগ তৈরি না হয়। তিনি বলেন, ‘তারা আমাকে নম্বরগুলো ব্লক করতে বলেন এবং জানান, সত্য তুলে ধরার জন্য আইএসপিআর আমার সঙ্গে যোগাযোগ করবে।
এরপর আইএসপিআর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে প্রকাশ্যে বিষয়টি জানাতে বলা হয় বলে জানান আসিফ। তিনি ২০০০ সালে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরে যোগ দেন। ২০০৫ সালে তিনি এসএসজিতে যোগ দেন
আসিফ বলেন, ‘আমি ১৮ বছর সম্মান ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি এবং ২০২৩ সালে অবসর নিয়েছি। অবসরের পর তিন বছর একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেছি। গত কয়েক মাস ধরে পুরোপুরি অবসর নিয়ে বাড়িতে নিজের ছোট ব্যবসা পরিচালনা করছি।’
তিনি বলেন, ‘আমি ও আমার দেশের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে-সীমান্তপারের সন্ত্রাসে জড়িত থাকার যে দাবি করা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন। ভারতীয় গণমাধ্যমের ছড়ানো এই মিথ্যার আমি তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি জীবিত এবং আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কাছে সরকারি সিএনআইসি ও সামরিক পরিচয়পত্র রয়েছে।’