
পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে মোঃ ওমর ফারুক (২৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওমর ফারুক উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬-৭ দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে ওমর ফারুকের স্ত্রী মোছাঃ মুক্তা বেগম লালমনিরহাট সদরের তিস্তায় বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জেরে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে বিষাক্ত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।
প্রাথমিকভাবে বিষয়টি ধামাচাপা থাকলেও শেষ রাতে (রাত ৩টার দিকে) হঠাৎ তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশ জানায়, স্থান পরিদর্শনের পাশাপাশি লাশের সুরতহাল শেষ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।