
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ‘দেশ-দেশ, বাংলাদেশ’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান আলমগীর চৌধুরী লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্নাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। তাদের দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, হত্যা, জ্বালাও-পোড়াও, ভাঙচুরসহ বিভিন্ন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে দেশের কিছু ব্যবসায়ী অর্থ দিয়ে সহযোগিতা করছেন বলেও তারা দাবি করেন।
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিএনপি নেতাকর্মীরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবেন। এর দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা