৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

একটি পা প্রায় অচল। চলাফেরা করতে হয় ক্র্যাচে ভর দিয়ে। তবে জীবিকার তাগিদে সেই ক্র্যাচ রেখে অনায়াসে উঠে পড়েন গাছের মগডালে। কখনো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে কাটেন ডালপালা। ঝুঁকিপূর্ণ এই কাজ করেই স্ত্রী-সন্তান ও মা-বাবাসহ পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিচ্ছেন রংপুরের কাউনিয়ার একরামুল হক।

৩৩ বছর বয়সী এ যুবকের বাড়ি উপজেলার দক্ষিণ মধামোদন এলাকায়। মাত্র ১৫ বছর বয়স থেকে গাছের ডালপালা কাটার কাজ করছেন তিনি। বর্তমানে এ কাজ করে মাসে প্রায় ১২-১৪ হাজার টাকা আয় করেন। এ আয় দিয়েই চলে তার সংসার। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকেও কিছু সহায়তা পান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে জন্মেছিলেন একরামুল। কিন্তু মাত্র তিন বছর বয়সে পোলিও আক্রান্ত হন। এতে তার একটি পায়ের কর্মক্ষমতা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। অন্য পাটিও দুর্বল হয়ে পড়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। কারও কাছে হাত না পেতে নিজের কর্মসংস্থানের পথ বেছে নেন তিনি। প্রতিদিন ক্র্যাচে ভর দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। কোথাও গাছের ডালপালা কাটার কাজের খবর পেলেই ছুটে যান সেখানে। কাজ ঠিক হলে ক্র্যাচটি নিচে রেখে উঠেন গাছে। মুহূর্তেই পৌঁছে যান মগডালে। প্রয়োজন হলে এক গাছ থেকে আরেক গাছেও লাফিয়ে যান।

একরামুলের বাবা আবদুল করিম বলেন, ছোটবেলায় পোলিও আক্রান্ত হওয়ার পর ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তারা। তবে ছেলেকে সবসময় নিজের পায়ে দাঁড়ানোর কথা বলতেন। তিনি বলেন, ‘ছেলে ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়েছে। আমি তাকে বলেছি, বাবা, জীবনে পাঁচজনের কাছে হাত পেতে খাওয়ার চেয়ে নিজের কাজ করে খাওয়া ভালো। এরপর সে গাছে ওঠা শিখেছে। এখন গাছ কাটার কাজ করেই সংসার চালায়।’

তার মা মনোয়ারা বেগম বলেন, ‘অনেক টাকা-পয়সা খরচ করে ছেলেকে চিকিৎসা করিয়েছি। অনেক জায়গায় নিয়েছি। কিন্তু ভালো হয়নি। এখন আল্লাহর ওপর ভরসা করে সে গাছ কাটার কাজ করে সংসার চালাচ্ছে।’ পরিবারে স্ত্রী, সন্তান, মা-বাবা, তিন ভাই ও এক বোন রয়েছেন একরামুলের। দুই ভাইয়ের আলাদা সংসার। বোনকে বিয়ে দেওয়া হলেও তার সংসার টেকেনি। ফলে পরিবারের বড় একটি দায়িত্ব এসে পড়েছে একরামুলের ওপর।

একরামুলের গাছে ওঠার দৃশ্য স্থানীয়দের কাছে যেমন বিস্ময়ের, তেমনি উদ্বেগেরও। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও এত উঁচু গাছে উঠে কাজ করায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘একরামুল যতক্ষণ গাছের ওপর থাকে, ততক্ষণ আমরা চিন্তায় থাকি। গাছ কাটা বড় কথা নয়। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে; তখন বড় বিপদ হয়ে যাবে। আমরা তাকে সাবধান করি। কিন্তু সে বলে- আল্লাহ আমার সহায় আছেন, আমার কোনো ভয় নেই।’

শারীরিক প্রতিবন্ধকতা একরামুলের জীবনের গতি থামাতে পারেনি। ক্র্যাচে ভর দিয়ে চললেও জীবিকার প্রয়োজনে প্রতিদিন ঝুঁকি নিয়ে গাছের মগডালে ওঠেন তিনি। নিজের শ্রম ও আত্মমর্যাদাকে সম্বল করে চালিয়ে যাচ্ছেন জীবনসংগ্রাম। একরামুলের স্বপ্ন- সংসারের অভাব দূর হবে, সন্তানদের ভালোভাবে মানুষ করবেন। আর একদিন হয়তো ঝুঁকিপূর্ণ এই কাজের পরিবর্তে নিরাপদ কোনো কর্মসংস্থানের সুযোগ পাবেন তিনি।

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

২

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

৩

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

৪

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

৫

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

৬

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

৭

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

৯

শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’

১০

৫০০ টাকা বেশি দিয়েও মিলছে না এলপি গ্যাস

১১

এক গ্রাহকেরই বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

১২

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

১৩

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১৪

ইয়াবার নামে বিক্রি হচ্ছে মায়াবড়ি, খেলে শরীরে কী ঘটে

১৫

কাউনিয়ায় নর্থ বেঙ্গল স্কুলে রেজাল্ট শিট বিতরণ

১৬

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

১৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের ভয়াবহ থাবা: আতঙ্কে পানির দামে গরু বিক্রি খামারীদের

১৯

পরিবারের ওপর অভিমান ও বিটিএস প্রভাবে দেশ ছাড়ার পরিকল্পনা: পথ হারিয়ে কুড়িগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী

২০