
কুড়িগ্রামে সার বিতরণকে কেন্দ্র করে একের পর এক বিশৃঙ্খলা, কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনার মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে সংযুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আব্দুল্লাহ আল মামুন নিজেই তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় সার বিতরণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একাধিক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সার না পাওয়া, বিতরণে অনিয়মের অভিযোগ এবং কৃত্রিম সংকটের অভিযোগ তুলে বিভিন্ন এলাকায় কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটে। এসব ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার বিতরণ ব্যবস্থাপনায় একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির প্রেক্ষাপটে আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
বদলি আদেশ অনুযায়ী, বুধবার বিকেলের মধ্যে তাকে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রাম জেলার উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।
বদলির বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, বুধবার নতুন উপপরিচালক হিসেবে একজন কর্মকর্তা যোগদান করবেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় সার প্রাপ্তি ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোথাও সার না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, আবার কোথাও সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তাদের ঘেরাও করার মতো ঘটনাও ঘটেছে। এরই মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার বদলির ঘটনা সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।