
কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি, পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরেও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। আমরা ইতোমধ্যেই ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন গ্রিন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।
বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।