
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । জব্দকৃত সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালান মালামালের সর্বমোট সিজার মূল্য ৫২,০৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।