রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোলযুক্ত ৯৭ হাজার শলাকা নকল নিউ আশা বিড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় মো. সামছুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় নিউ আশা বিড়ি কোম্পানির প্রতিনিধি মো. রবিউল ইসলাম কাউনিয়া থানায় খবর দেন যে, উপজেলার নাজিরদহ মৌজার চক্রপানি এলাকায় স্থানীয় লোকজন নকল বিড়িসহ এক ব্যক্তিকে আটক করে রেখেছে। খবর পেয়ে থানার এসআই মো. শরিফুল আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে থানার হেফাজতে নেন।
আটক সামছুল ইসলাম রংপুর মহানগরের হারাগাছ পৌরসভার ঠাকুরদাস (বাংলাবাজার) এলাকার মৃত সুলতান আলীর ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল নিউ আশা বিড়ি উৎপাদন ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরে তার কাছ থেকে ৬টি কার্টনে থাকা ১৯৪ বান্ডিল নকল নিউ আশা বিড়ি উদ্ধার করা হয়। এসব বান্ডিলে মোট ৯৭ হাজার শলাকা বিড়ি ছিল, যার আনুমানিক মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা। একই সঙ্গে তার ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল বিড়ি বাজারজাতের মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছিল।
এ ঘটনায় এসআই মো. শরিফুল আলম সরকার বাদী হয়ে কাউনিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(ক) ও ২৫এ(খ) ধারায় মামলা দায়ের করেছেন