
৮ নভেম্বর, ২০২৬ সময় – ১১:০৭:৫৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক দায়িত্ব সামনে নিয়ে এসেছে। এবারও ব্যর্থ হলে জাতিকে দীর্ঘমেয়াদে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ তৈরি হয়েছিল, তা পরবর্তী সময়ে কাজে লাগানো হয়নি। এ কারণে ফ্যাসিবাদী বাকশালী শক্তির পুনরুত্থান সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ৭ নভেম্বরের ইতিহাস কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তির একচ্ছত্র সম্পত্তি নয়। জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর মধ্যেই এ দিনের তাৎপর্য নিহিত।
বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যেখানে জনগণই হবে সব ক্ষমতার উৎস। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় ও ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্বের ঊর্ধ্বে থাকবে এবং নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষিত থাকবে।
জাতীয় সার্বভৌমত্বের পাশাপাশি সুসংহত গণতন্ত্র নিশ্চিতের সংগ্রামে অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান নাহিদ ইসলাম।
Source: https://publicnewsbd.com/details/?pid=4635