
রংপুরের তারাগঞ্জে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান সংবলিত দেয়াল লিখন করার অভিযোগে সুধীর চন্দ্র রায় (২১) নামের এক ছাত্রলীগ(জাসদ)কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
গত শনিবার (৭ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার নতুন চৌপথি এলাকার সিঙ্গার শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুধীর চন্দ্র রায় উপজেলার কুর্শা ইউনিয়নের শেখেরচক গ্রামের শ্যামা কান্ত রায় ওরফে সুকারুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে সুধীর চন্দ্র রায়সহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারাগঞ্জ উপজেলা পরিষদের দেয়ালসহ বিভিন্ন স্থানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর উপজেলা ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে শনিবার রাতে তাকে আটক করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সুধীর চন্দ্র রায় নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।