
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
বুধবার(১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সরকারি কমিশনার ভূমি অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদল কুমার মন্ডল।
এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়।