১৩ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবরুদ্ধ আরও ১০ জনকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জনকে উদ্ধার করে ক্যাম্পাস থেকে নিয়ে গেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাদের উদ্ধার করা হয়। পরে কঠোর পুলিশ পাহারায় তাঁদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যাওয়া হয়। উপাচার্যকে আর ‘ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে’ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। উপাচার্যকে উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন, চিকিৎসার জন্য বলেছেন। তাঁকে আমরা নিয়ে যেতে এসেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে।

পরে জেলা প্রশাসক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব ও গালিব। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন।

অর্ণব বলেন, এখানে চট্টগ্রামের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনের মানুষজন উপস্থিত আছেন। আমরা জানতে চাই, আপনারা কখন আমাদের নিরাপত্তার জন্য থাকবেন? আপনারা কি শুধু সেই ভিসিকে বের করে নিয়ে যেতে এসেছেন, যিনি বহিষ্কৃত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আমরা শিক্ষার্থীরা কি আপনাদের সন্তানতুল্য নই? ক্যাম্পাসে না এসেই তিনি আমাদের শিক্ষকদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া শুরু করেছিলেন। বিষয়গুলো আমাদের কাছে পৌঁছালে শিক্ষার্থী হিসেবে আমরা শিক্ষকদের এই অসম্মান মেনে নিতে পারিনি। এরপর তিনি আরও একধাপ এগিয়ে প্রশাসনিক ক্ষমতার বলে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন-ভাতা বন্ধ করে দেন। এই পর্যায়ে এসে আমরা আর তাকে এই ক্যাম্পাসে দেখতে চাইনি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে তল্লাশি চালিয়ে উপাচার্যসহ ১১ জনকে বের করে আনা হয়। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়।

উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের শর্ত ছিল, তিনি যেন আর চুয়েট ক্যাম্পাসে প্রবেশ না করেন। এ শর্তে তাকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জাননো হয়েছে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেননি।

গতকাল সোমবার (১২ অক্টোবর) সকালে ক্যাম্পাসে প্রবেশের পর নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁকে প্রশাসনিক ভবন-২-এ অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এ পরিস্থিতির অবসান ঘটে।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Source: https://www.drb.news/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

১

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

২

ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবরুদ্ধ আরও ১০ জনকে উদ্ধার

৩

পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

৪

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

৫

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

৬

ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

৭

পীরগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার অভিযোগ

৯

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

১০

রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

১১

চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার

১২

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ

১৩

আওয়ামী লীগ নেতার জামিনে তথ্য গোপনের অভিযোগ: তদন্তের পর রংপুরের সেই ওসি সিলেট রেঞ্জে বদলি

১৪

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১৫

ত্রাণ মন্ত্রীর চিঠির ভিত্তিতে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার প্রস্তাব, জনমনে ক্ষোভ

১৬

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১৭

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৮

গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ!

১৯

সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

২০