
ভারতের তামিলনাড়ুর নাগেরকোলে ইউটিউবার বিনোদ কুমার ও মধুমিতা দম্পতির বাড়ি থেকে প্রায় ১ কোটি রুপি (ভারতীয় মুদ্রা) মূল্যের স্বর্ণের গহনা চুরি হয়েছে। চুরির কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতা তার দামি গহনা ও সম্পদের ভিডিও প্রকাশ করার পর রাতে সব নিয়ে যায় চোর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চুরি হওয়া গহনার পরিমাণ প্রায় ১১৮ ভরি (সোভেরেন) বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাড়ি থেকে নগদ অর্থও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, নাগেরকোইলের থাম্মাতুক্কোনামের ভিআইপি গার্ডেন এলাকায় ইউটিউবার বিনোদ কুমার ও মধুমিতার বাড়িতে এ চুরি হয়।
মধুমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে গহনা কেনা, স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বিভিন্ন ভিডিও ও রিলস প্রকাশের জন্য পরিচিত।
অভিযোগ রয়েছে, চুরির কয়েক দিন আগে মধুমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তাদের বাড়ির পূজার ঘরে রাখা পরিবারের দামি গহনা ও অন্যান্য সামগ্রীর কিছু অংশ দেখা যায়। এর কিছুদিন পরই ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢোকে চোরেরা। বাড়িটি সিসিটিভি-নজরদারির আওতায় থাকা একটি আবাসিক এলাকায় হলেও চোরেরা গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর রাজাকামঙ্গলম থানায় মামলা হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। পাশাপাশি মোবাইল ফোনের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দামি সম্পদ প্রদর্শনের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই অনলাইনে ব্যক্তিগত সম্পদ প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব মন্তব্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।