ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতবাড়ির ছাদে টবে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়
গ্রেপ্তার অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংকন দের বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, অংকন দে আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবাসহ আটক হওয়ার একটি ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে নিজ এলাকায় অবস্থান করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।