
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী। তবে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র ৬টি প্রতিষ্ঠান।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফলের এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার বোর্ডের পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। অন্যদিকে বেড়েছে কোনো পরীক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা।
গত বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন। এবার সেই সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৯৫৩ জন।
এ ছাড়া গত বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করলেও এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬টিতে। অন্যদিকে গত বছর ৪৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৯টি।
সামগ্রিক ফলাফলে গত বছরের তুলনায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীদের ফলাফলে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে।