
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে সার পরিবহনের দায়ে শ্রী কনক কুমার দত্ত (৫৭) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (০৫ নভেম্বর ২০২৬) রাত ১১:৪৫ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে দণ্ডপ্রাপ্ত শ্রী কনক কুমার দত্ত তারাগঞ্জ থানাপাড়ার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনির্দেশ বহির্ভূতভাবে অবৈধ উপায়ে সার পরিবহন করার সত্যতা পাওয়া যায়।
এর প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তারাগঞ্জ থানার পুলিশ ফোর্স।