
৭ নভেম্বর, ২০২৬ সময় – ১২:১৫:১৮
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে। তার অভিযোগ, দেশভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়ে উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
দুবের দাবি, এই তিনটি অঞ্চল এক সময় ত্রিপুরার (টিপরা) রাজ্যের অংশ ছিল। তিনি বলেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম কোনো ধরনের পরামর্শ ছাড়াই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ক্ষেত্রে ত্রিপুরার রাজপরিবার, বিশেষ করে মহারানি কাঞ্চনপ্রভার সঙ্গে আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
দুবে দাবি করেন, মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর মহারানি কাঞ্চনপ্রভাকে অন্ধকারে রেখেই এসব ভূখণ্ড হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কিংবা ম্যাকমোহন লাইনের কোন ভিত্তিতে এসব অঞ্চল পাকিস্তানকে দেওয়া হয়েছিল?
বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, ভারতের ভূখণ্ড হারানোর বিষয়টি শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়; বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলও ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
চট্টগ্রাম বন্দরে ভারতের প্রবেশাধিকার ফিরে পেলে উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে উল্লেখ করে দুবে বলেন, ভারতের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে।
Source: https://publicnewsbd.com/details/?pid=4608