
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া জমজমাট ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পর্দা নামছে আগামীকাল ৩১ অক্টোবর শনিবার।
টুর্নামেন্টের চরম আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হবে কুড়িগ্রাম সদর উপজেলা বনাম কুড়িগ্রাম পৌরসভা ফুটবল দল। এই মেগা ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো কুড়িগ্রামজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা।
গত ১ অক্টোবর ২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এবারের আসরে জেলার ৯টি উপজেলা এবং কুড়িগ্রাম পৌরসভা দলসহ মোট ১০টি শক্তিশালী দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচেই মাঠে ছিল উপচে পড়া দর্শকভিড়। তবে স্টেডিয়ামে গ্যালারির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাজার হাজার দর্শককে সরাসরি মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে হয়েছে। এমনকি অনেক দর্শক জায়গার অভাবে মাঠে প্রবেশ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
দর্শকদের এই উপচে পড়া ভিড় ও স্টেডিয়ামের সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, স্টেডিয়ামটির মূল সমস্যা হলো গ্যালারি সংকট। তবে দর্শকদের সর্বোচ্চ সুবিধা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ফাইনাল ম্যাচের দিন মাঠের ভেতর বাঁশের বেড়া দিয়ে বিশেষ ঘেরাওয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব সুব্যবস্থার ফলে ফাইনাল খেলায় দর্শকদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ১ লাখ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি খেলোয়াড়ের জন্য থাকছে আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কারের ব্যবস্থা।
রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ-এর। তাঁর উপস্থিতি ও পৃষ্ঠপোষকতা টুর্নামেন্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফাইনাল ম্যাচটিকে আরও বর্ণিল ও উৎসবমুখর করতে মাঠে উপস্থিত থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার কোহিনুর রহমান ও মোসাব্বের হোসেন।