
পঞ্চগড়ের বোদায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন জুলেখা বেগম। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ কিংবা মামলা করতে রাজি না হওয়ায় একটি জিডি করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।