

রংপুরের কাউনিয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলায় মোট ৭৫টি পূজামণ্ডপে একযোগে উদযাপিত হচ্ছে দুর্গোৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন। পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা।
প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও থানা পুলিশ। পূজামণ্ডপগুলোতে নজরদারি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, “দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও কাজ করছেন। কোথাও কোনো সন্দেহজনক ঘটনা দেখা গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে।”
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে কাজ করছেন। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।