
রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের আলী, জেলা স্কাউটসের উপপরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান, সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার, সম্পাদক মো. ফাকের সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব স্কাউটস সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং বিভিন্ন তাঁবু পরিদর্শন করেন।আয়োজকরা জানান, এবারের কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি বিদ্যালয়ের ৩২টি দলের ইউনিট লিডার ও কাব স্কাউটস সদস্যরা অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে কাব স্কাউটদের নেতৃত্ব, শৃঙ্খলা, সহযোগিতা ও দলগত কাজের মানসিকতা বিকাশের সুযোগ তৈরি হবে।