
নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বিকেলে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে অপ্রতিম হেঁটে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
কান্নাজড়ানো কণ্ঠে অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, “আমার একমাত্র ছেলে বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বের হয়েছিল। বের হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি। এরপর আর সে ফিরে আসেনি। আমি দেশবাসীর কাছে হাত জোড় করে আকুতি জানাচ্ছি, যে যেখানেই থাকুন, আমার ছেলেকে ফিরে পেতে সহায়তা করুন।”
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। সর্বশেষ অবস্থান শনাক্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
কোনো সহৃদয় ব্যক্তি অপ্রতিমের সন্ধান পেলে তার বাবার মোবাইল নম্বর (০১৭১৯-৬২৫৬৯০) অথবা মায়ের নম্বর (০১৯৭৪-৮৮৮৬৬৫)-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে।