
জামায়াত জোটের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, লংমার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেওয়া হলে এর পরিণতি ভালো হবে না।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শহীদ আবু সাঈদ জীবন দিয়ে দেখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। কিন্তু আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে জামায়াত সেই শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গেই বেঈমানি করেছে বলে মন্তব্য করেন তিনি। তবে এমন বক্তব্য প্রত্যাহারের জন্যও জামায়াতের প্রতি আহ্বান জানান রাশেদ খান।
রাশেদ খান , জ্বালানি সংকটের কথা বলে আওয়ামী লীগ নেতাদের গাড়ি ব্যবহার করে জামায়াত-এনসিপি লংমার্চ করে উল্টো জনদুর্ভোগ তৈরি করছে। তার ভাষায়, গাড়িবহর নিয়ে নয়, পায়ে হেঁটেই তাদের লংমার্চ করা উচিত।
তিনি বলেন, একদিকে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, অন্যদিকে এখন সেই সনদ নিজেরাই মানছেন না। তার অভিযোগ, জামায়াতের ‘হঠকারী কার্যক্রমের’ কারণে সরকারের পক্ষে ফ্যাসিবাদ নির্মূলের কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। তারা ভেতরে ভেতরে ফ্যাসিবাদকেই পুনর্বাসন করার অশুভ পরিকল্পনা করছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
রাশেদ খান দাবি করে বলেন, দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এর দায় জামায়াত ও এনসিপিকে নিতে হবে। একই সঙ্গে বিএনপির জনপ্রিয়তা ঠেকাতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র করে ড. মুহাম্মদ ইউনূসকে ব্যবহার করে উত্তরাঞ্চলে জাতীয় নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তোলেন রাশেদ খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন। তবে তার দুর্নীতির পরিমাণ কতটুকু, সে বিষয়ে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এক দিনের সফরে রংপুরে এসে রাশেদ খান সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উত্তরের এই হাসপাতালকে শতভাগ সেবামুখী করতে দালাল ও সিন্ডিকেট নির্মূলের ঘোষণা দেন তিনি। এ ক্ষেত্রে হাসপাতাল এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনেরও আশ্বাস দেন রাশেদ খান।