
ভ্রমণের উদ্দেশ্যে রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটকরা হলেন, মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। সে সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক সম্প্রতি নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।
তাদের এই উসকানিমূলক স্লোগানে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৬ পর্যটককে আটক করা হয়।
সাজেক থানা পুলিশ জানায়, পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, যানজটের মধ্যে অভিযুক্তরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছে বলে স্থানীয়দের বরাতে জানতে পেরেছি। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।