
২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে এতিমখানার শিক্ষার্থীরা কেন মিড-ডে মিলের সুবিধা পাচ্ছে না-সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ প্রণয়ন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।