
রংপুরের কাউনিয়ায় গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপনী বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানো বন্ধ এবং ইতোমধ্যে লাগানো প্রচারসামগ্রী অপসারণের দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’।
এ দাবিতে সংগঠনটির কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মো. আকরাম মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ‘গ্রিন ভয়েস’ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে কাউনিয়া উপজেলার বিভিন্ন সড়কের মোড় ও রাস্তার পাশে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে।
এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি গাছ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে কাউনিয়া উপজেলার আরও কয়েকটি সমস্যা সমাধানের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে মধুপুর গার্লস স্কুলের সামনে ময়লার স্তূপ অপসারণ, মাদক ও জুয়া (অনলাইন ক্যাসিনো) বন্ধে মানববন্ধন কর্মসূচি গ্রহণ এবং প্রকৃতির জন্য ক্ষতিকর চারাগাছের পরিবর্তে উপযুক্ত প্রজাতির চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।
পরিবেশ ও বৃক্ষ সংরক্ষণের স্বার্থে উপজেলার সব গাছ থেকে ব্যানার, বিলবোর্ড ও পোস্টার অপসারণ এবং ভবিষ্যতে গাছে এসব প্রচারসামগ্রী লাগানো বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
‘গ্রিন ভয়েস’-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, প্রশাসনের কার্যকর উদ্যোগে কাউনিয়া উপজেলা আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠবে।