
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ আগস্ট দুপুর-১২ টার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
আনন্দ মিছিলে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
বক্তারা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করা এবং সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা গাইবান্ধার অবহেলিত মানুষের কল্যাণ ও জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আনন্দ মিছিলের কর্মসূচি শেষ হয়।