
রংপুরের মিঠাপুকুরে পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাঠেরহাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে চিথলী পশ্চিমপাড়া গ্রামের একটি নির্জন এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আবুল কালামের নেতৃত্বে ১৭-১৮ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। এ সময় পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) হাফিজুর রহমান বলেন, “এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”