কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুমা আক্তার।
সোমবার সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
নিহতের পরিবার জানায়, দুই মাস আগে সৌদি প্রবাসী ইয়ামিনের সঙ্গে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইয়ামিন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে ঘরে তুলে নেয়।
সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ওই মহাসড়কের ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।