
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোলারজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত ও যোগাযোগ নিয়ে তদন্ত চলছে।