
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির সত্ত্বাধিকারী মোঃ রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বেকারিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় এ অর্থদণ্ড আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিক্রি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।