
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও শান্তির পায়রা অবমুক্ত করে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল উদ্দেশ্য।
উদ্বোধন শেষে বালাপাড়া ইউনিয়ন একাদশ ও কুর্শা ইউনিয়ন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক- শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।