Admin1234@
২৪ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় দশক ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করছেন ৮৫ বছরের আইনজীবী

শহরের প্রাণকেন্দ্র ঢাকা মোড়ে সুউচ্চ বহুতল সুপার মার্কেট, আধুনিক ফ্ল্যাট আর বিত্ত-বৈভবের কোনো কমতি নেই। পার্থিব এই প্রাচুর্যের হাতছানি তাকে এতটুকুও টানতে পারে না। সব পিছুটান ছাপিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের প্রতিটি সকাল বাঁধা পড়ে আছে এক অচেনা মায়ায়। তিনি দিনাজপুর জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স। জীবনের পড়ন্ত বিকেলে দাঁড়িয়েও যিনি গত দেড় দশক ধরে প্রতিদিন সকালে একটি ঝাঁটা হাতে পরম যত্নে পরিষ্কার করে চলেছেন প্রয়াত স্ত্রীর কবরসহ পুরো কবরস্থান। কোনো ক্লান্তি নয়, নিঃশব্দ এই সেবায় তিনি খুঁজে পান হৃদয়ের গভীর আত্মতৃপ্তি আর বেঁচে থাকার খোরাক।

এই গভীর ভালোবাসার শুরুটা হয়েছিল অর্ধশতাব্দী আগে। ১৯৭০ সালে সব সামাজিক বাধা-বিপত্তি পেরিয়ে সনাতন ধর্মাবলম্বী এক তরুণীকে ভালোবেসে জীবনসঙ্গিনী করেছিলেন মওলা বক্স। গভীর বিশ্বাস, অকৃত্রিম টান আর শ্রদ্ধার ওপর ভর করে গড়ে উঠেছিল তাদের এক আদর্শ সংসার। মওলা বক্স ও জাহানারা বেগম ঝর্ণা দম্পতির কোল আলো করে আসা দুই ছেলে ও এক মেয়ে—সবাই আজ উচ্চশিক্ষিত এবং বাবার পদাঙ্ক অনুসরণ করে এলএলবি সম্পন্ন করেছেন।

কিন্তু ২০১১ সালে ছন্দপতন ঘটে সেই সুখের নীড়ে। দীর্ঘ চার দশকের সুখ-দুঃখের অকৃত্রিম সাথী জাহানারা বেগম ঝর্ণা চিরতরে পাড়ি জমান পরপারে। প্রিয়তমা স্ত্রীর প্রয়াণে হঠাৎ দিশেহারা ও নিঃসঙ্গ হয়ে পড়েন মওলা বক্স। তবে শোককে তিনি রূপ দেন এক অনন্য সমর্পণে।

স্ত্রী হারানোর পর থেকেই নিয়ম করে প্রতিদিন ফজরের নামাজ শেষেই তিনি ছুটে যান কবরস্থানে। সেখানে দাঁড়িয়ে দীর্ঘ মোনাজাতে স্ত্রীর আত্মার মাগফিরাত কামনার পর নিজ হাতে পরিষ্কার করতে শুরু করেন স্ত্রীর পাকা কবরটি। ঝরে পড়া গাছের শুকনো ডালপালা, পাতা আর চারপাশের আগাছা পরম মমতায় সরিয়ে দেন। স্ত্রীর প্রতি ভালোবাসার সেই অবচেতন টান একসময় রূপ নেয় এক বৃহত্তর সেবায়। নিজের অজান্তেই তিনি ঝাঁটা হাতে তুলে নিয়ে পুরো কবরস্থানের হাঁটাচলার রাস্তা ও আশপাশ পরিষ্কার করতে শুরু করেন। গত ১৫টি বছর ধরে ঝড়-বৃষ্টি কিংবা শীতের সকালে এতটুকুও ছেদ পড়েনি তার এই প্রাত্যহিক অভ্যাসে।

ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট মওলা বক্স কেবল একজন প্রবীণ আইনজীবীই নন, তিনি বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও সভাপতি হিসেবে এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘকাল সরব ভূমিকা রেখেছেন। সমাজ ও পেশাজীবনে প্রভাবশালী এই মানুষটি গোরস্তানের মাটিতে পা রাখলেই হয়ে ওঠেন এক নিবেদিতপ্রাণ প্রেমিক ও সেবক।

জীবন সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই প্রবীণ আইনজীবী তার ভালোবাসার স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমার প্রয়াত স্ত্রী সেদিন নিজের পরিবার, ধর্ম ও চেনা পরিবেশ ছেড়ে কেবল আমার ওপর বিশ্বাস রেখে ঘর বেঁধেছিল। তার সেই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তার সেই আত্মত্যাগকে স্মরণ করেই প্রতিদিন কবরস্থানে আসি এবং নিজ হাতে পরিচ্ছন্নতার কাজ করি।’

ভালোবাসার গভীরতা বোঝাতে গিয়ে ধরা গলায় তিনি আওড়ান একটি চিরন্তন সত্য—‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৩

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৪

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৫

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৬

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৭

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৮

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৯

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১০

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১১

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১২

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৩

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৪

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৫

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৬

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৭

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৮

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৯

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

২০