
রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্গাপূজার মণ্ডপের ডেকোরেশন ও লাইটিংয়ের সরঞ্জাম খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামে এক ডেকোরেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উদ্দিন টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলাম ও মোছাঃ সাজেদা বেগমের ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড এন্ড ডেকোরেটর’-এ কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিঘলটারী দুর্গা মন্দিরে নির্মিত প্যান্ডেল, ইলেকট্রিক ও আলোকসজ্জার সরঞ্জাম খোলার কাজ চলছিল। ডেকোরেটর মালিক জামাল উদ্দিনের নির্দেশে সকাল আটটার দিকে শাকিল মন্দিরে কাজ শুরু করেন। প্যান্ডেল খোলার পর সকাল আনুমানিক ১১টার দিকে বিদ্যুতের লাইন ও লাইটিংয়ের সরঞ্জাম খোলার উদ্দেশ্যে জেনারেটরে হাত দিলে তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় মন্দিরে উপস্থিত লোকজন ও দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানান পুলিশ , নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।