
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর নতুন বাজার এলাকার বাসিন্দা ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং বালাসুরের দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৫ অক্টোবর এক ছাত্রীর মা শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও অনলাইন গেম ফ্রি ফায়ারের মাধ্যমে রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে নিখোঁজ এক ছাত্রীর পরিচয় হয়েছিল। ওই কিশোরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেয় পুলিশ। পরে তাদের কক্সবাজারে অবস্থানের তথ্য পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছাত্রীরা নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে মিরপুরের ভুয়া ঠিকানা ব্যবহার করে হোটেলটিতে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নিয়েছিল। এ কাজে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন বলে জানা গেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পারিবারিক অশান্তি, বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য, কঠোর অনুশাসন ও মানসিক চাপের কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের প্রতি আসক্তিও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বলে পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়।
পুলিশের দ্রুত অভিযানে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।