
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত দারিদ্র পরিবারের টগবগে যুবক আব্দুর রউফ (১৮) বাঁচতে চায়। অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে যন্ত্রনায় ছটফট করে তার রাতদিন অতিবাহিত হচ্ছে। এ যেন জীবন শুরুর আগেই মরণের হাতছানি! রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজিব গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ দুইবছর আগে হঠাৎ কোমড়ের ব্যাথা থেকে অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিকে সাধারণ কোনো অসুখ মনে হলেও দিন দিন বাড়তে থাকে অসুস্থতা। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে আব্দুর রউফের কোমড়ের দুপাশেই হাড়ে ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে আব্দুর রউফ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা, মেশকাতুর রহমানের তত্বাবধানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আব্দুর রউফের বাবা হাবিবুর রহমান জানান, ছেলের স্বাভাবিক জীবনে ফিরে আনতে অপারেশন করার জন্য ৭/৮ লাখ টাকা প্রয়োজন। ভিটামাটি টুকু ছাড়া সম্বল বলতে কিছু নেই। গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি, ধারদেনা ও এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ছেলের চিকিৎসা খরচ চালিয়ে আসছেন। অপারেশনের এতো টাকা পাবেন কোথায়। অভাব অনটনের মাঝেও শান্ত স্বভাবের হাস্যোজ্জ্বল ছেলেটি এখন শয্যাশায়ী হয়ে গেছে। হাঁটাচলা করতে পারছে না। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। যোগাযোগ ও সাহায্য পাঠাতে ০১৩০৯৮০৩৪০১ (বিকাশ) বা ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাব নং ২০৫০৭৭৭০২৩৫৭৭৬৩৩৫ টেপামধুপুর শাখা, কাউনিয়া, রংপুর।