
রাত কিংবা দিন—ঝড়, বৃষ্টি কিংবা রোদ উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে ‘হামার পীরগাছা’ গ্রুপ। পীরগাছার মাটি ও মানুষের জন্য সেবা কার্যক্রমের অংশ হিসেবে এবার শারীরিকভাবে অসুস্থ আবু সাঈদ চাচার পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
আবু সাঈদ চাচার বাড়ি উপজেলার বুলবুলির ভিটা এলাকায়। এক পাশ প্যারালাইজড হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেও রয়েছে নানা অসুবিধা। দৈনন্দিন ওষুধ কেনার টাকা সংগ্রহের জন্য উপজেলা গেটের সামনে বসে ভিক্ষা করেন তিনি।
সম্প্রতি বিষয়টি ‘হামার পীরগাছা’ গ্রুপের সদস্যদের জানানো হলে অসহায় আবু সাঈদ চাচার চলাফেরার সুবিধার জন্য এক সেট ক্র্যাচ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গ্রুপটির একটি টিম আবু সাঈদ চাচার বাড়িতে পৌঁছে তার হাতে তুলে দেয় এক সেট ক্র্যাচ। নতুন ক্র্যাচ পেয়ে খুশি হন তিনি। এ সময় তিনি সংগঠনের সদস্যদের জন্য মন খুলে দোয়া করেন।
‘হামার পীরগাছা’ গ্রুপের সদস্যরা জানান, পীরগাছার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা।