
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ের বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে গুলিগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অপর একটি ব্যাগে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়। দুটি ব্যাগ থেকে সর্বমোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি জব্দ করা হয়।অ
র্যাব জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বতীপুরে এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা গুলির সঙ্গে কোনো ব্যক্তি বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।