
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উলিপুর শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে ক্রেস্ট প্রদান, মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন উলিপুর উপজেলা শাখার আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, সাবেক ছাত্রনেতা ও জেলা কৃষকদল, কুড়িগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা জিএস ফিরোজ কবীর কাজল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা সদস্য সচিব স্বপন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান ও প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।