
রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নং শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহির উদ্দিন (৫০)। তিনি বল্লভবিষু এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মহির উদ্দিন কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে দোকানের সামনে আসেন। এ সময় তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) টাকার বিষয় নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছেলেদের মারামারি দেখে মহির উদ্দিন মোটরসাইকেলে থাকা অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসা চলছিল। চিকিৎসকের পরামর্শ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার হৃদ্যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। ছেলেদের মারামারি দেখে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মহির উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ