
রংপুরের কাউনিয়া ইসলামীয়া মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পীরজাদা আলহাজ হযরত মাওলানা মো. হাবিবুল্লাহ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া ইসলামীয়া মডেল মাদ্রাসার সভাপতি আলহাজ মোজাহারুল আলম বাবলু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রভাষক মো. আবু সাদেক ।
অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে শিক্ষিত করলে হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ভালো ফলাফলের মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সাফল্য, মাদ্রাসার সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।