
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ’, দীর্ঘ ৭ বছর পর ডাকসুর জিএস পদ ফিরে পেয়ে এভাবেই শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর ২০১৯ সালের ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে শুকরিয়া আদায় করেন রাশেদ খাঁন। পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবৈধ প্রমাণ করার পর তাকে শোকজ করা হয়। শোকজের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে।
রাশেদ খাঁন আরও জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে ওই পদে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী নির্বাচিত হন। ওই নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন রাশেদ খাঁন। একই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন রাশেদ খাঁনের প্যানেলের প্রার্থী নুরুল হক নুর।
জিএস হিসেবে ঘোষণা পাওয়ার পর রাশেদ খাঁন তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।