
গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে ৩৩ বছর বয়সী এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার, ২৬ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের বাসভবনের ব্যারাকের একটি ওয়াশরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার বাসিন্দা। তিনি নায়েক পদমর্যাদায় কর্মরত ছিলেন। গত ১২ আগস্ট ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনে গার্ড হিসেবে যোগ দেন।
পুলিশ জানায়, দুপুরে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমানের একটি ছোট সন্তান রয়েছে বলে জানা গেছে।