
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার এলাকা থেকে শ্রী শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১১৩, তারিখ ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯ আগস্ট রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গাইবান্ধা সদর থানা এলাকায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শ্রী শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবুকে আটক করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে বিধি মোতাবেক আটক ব্যক্তির কক্ষ তল্লাশি করা হয়। এ সময় একটি স্যামসাং স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি ই-পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, দুটি ব্লুটুথ স্পিকার এবং বিভিন্ন নোটের সর্বমোট ৩ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ২১ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে এসব মালামাল জব্দ করা হয়। এ ছাড়া তার বাড়ির বিভিন্ন কক্ষেও তল্লাশি চালানো হয়।
পুলিশ আরও জানায়, অনলাইন-সংক্রান্ত অপরাধের বিষয়ে শুভজিতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অস্বীকার করেন। তবে তার আচার-আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অমিত ও শিমুল নামে দুই ব্যক্তি তাদের শ্বশুরবাড়ি ও মামার বাড়িতে অবস্থান করে শিবুর কথিত অনলাইন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতেন। অপরদিকে, সাগর ও আনন্দ তুলশীঘাট এলাকায় অবস্থান করে ওই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতেন বলে তথ্য পাওয়া যায়।
এ ছাড়া পুলিশ দাবি করেছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিকাশের এজেন্ট নম্বর সচল রাখার জন্য বিদেশি একটি ডিভাইস ও ভিপিএন অ্যাপ ব্যবহার করে দূরবর্তী অজ্ঞাত স্থান থেকে ব্লুটুথের মাধ্যমে তা পরিচালনা করতেন। তারা ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার এজেন্ট সংগ্রহ করে কার্যক্রম পরিচালনার পর ই-মেইল অ্যাকাউন্টগুলো পুনরায় মুছে ফেলতেন বলেও পুলিশ জানতে পারে।
পরবর্তীতে ওই বিদেশি ডিভাইস উদ্ধারের পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায় অমিত ও শিমুলকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে শিবুর গ্রেপ্তারের খবর পেয়ে তারা মোবাইল ফোনসহ মোটরসাইকযোগে রংপুরের দিকে চলে যান। একইভাবে তুলশীঘাট এলাকায় সাগর ও আনন্দকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারাও মোবাইল ফোনসহ পালিয়ে যান বলে পুলিশ জানায়।
আটক শ্রী শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে অনলাইন অপরাধ-সংক্রান্ত কোনো আলামত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সন্দেহজনক হওয়ায় মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
পুলিশের দাবি, বর্তমানে গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।