
নীলফামারীর ডিমলায় তিস্তার প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সংলগ্ন সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে।
তারা হলো- নাউতারা ইউনিয়নের কাঁকড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার পাখি (১১) এবং একই গ্রামের সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। ফারজানা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা খালা ও ভাগনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা আক্তার পাখি ও সিনহা আক্তারসহ কয়েকজন কাঁকড়া তুহিন বাজার সংলগ্ন সেচ ক্যানেলে গোসল করতে যায়। একপর্যায়ে সিনহা আক্তার পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে ফারজানা আক্তার পাখি পানিতে নামে। এ সময় সেও পানিতে ডুবে যান।
পরে সঙ্গে থাকা শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ক্যানেলের পানিতে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।<