মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরীকে তাঁর পদে পুনর্বহাল করা হয়েছে। জেলা প্রশাসনের এক আদেশে তাঁকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৬ জুলাই জারি করা ৩৩২ নম্বর স্মারকের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। উক্ত আদেশ অনুযায়ী, আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী এখন থেকে মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এদিকে মোসাদ্দেক হোসেন চৌধুরীর পুনর্বহালের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহিষখোচা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের অনেকেই এ উপলক্ষে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করেন।
দায়িত্বে পুনর্বহাল হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন:
”জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে অতীতে যেভাবে কাজ করেছি, ঠিক একইভাবে আগামীতেও সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাব। মহিষখোচা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ রাখাই আমার মূল লক্ষ্য।”
তিনি ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।