
৯ নভেম্বর, ২০২৬ সময় – ০৮:২০:৫৬
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম উদ্দিন।
সোমবার, ০৯ নভেম্বর, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানানোর দাবি জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় রাজধানীর ব্যস্ত এলাকায় বাসে আগুন লাগার পর মেট্রো স্টেশনে অ্যালার্ম বেজে ওঠে এবং আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। কোনো হতাহতের খবর না পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, বাস পুড়ে যাওয়ার ঘটনা চালক, হেলপার ও মালিকের জীবিকা এবং নগরবাসীর যাতায়াতের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলে।
বিবৃতিতে তিনি পল্লবী মেট্রো স্টেশনের নিচে, মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করেন। এসব ঘটনা পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটানো হচ্ছে—ঢাকা মহানগর পুলিশের এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, পরিকল্পনার পেছনে কারা রয়েছে এবং তাদের শনাক্তে কী অগ্রগতি হয়েছে।
মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন সেলিম উদ্দিন। একই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন এবং পরবর্তী ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
সেলিম উদ্দিনের দাবি, বাস, মেট্রো স্টেশন ও বাস টার্মিনালসহ গণপরিবহন-সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত বাসমালিক ও শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।