
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে মাঠে নেমেছেন তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা মো. জাবেদ আহমেদ সাগর। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা শাখার সুযোগ্য সভাপতির দায়িত্ব সফলভাবে পালনের পর এবার তিনি এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে জাকের পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‘জনগণের সেবা, আমার অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে তিনি কুমেদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। শিক্ষা, যুবসমাজ উন্নয়ন এবং সামাজিক নানা কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকার তরুণ সমাজ ও বয়োজ্যেষ্ঠদের মাঝে এক ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রথাগত রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার অবহেলিত জনপদকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে মো. জাবেদ আহমেদ সাগর বলেন,
”কুমেদপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নই আমার মূখ্য বিষয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। দলমত নির্বিশেষে কুমেদপুরের সর্বস্তরের জনগণ আমাকে আশীর্বাদ করবেন বলে আমার বিশ্বাস।”
এদিকে, প্রবীণ ও নবীন ভোটারদের মতে, একজন শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে জাবেদ আহমেদ সাগরের সততা এবং কাজের স্পৃহা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তার এই প্রার্থীতা কুমেদপুর ইউনিয়নের নির্বাচনী লড়াইয়ে ভিন্নমাত্রা যোগ করেছে।