
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এবারের পরীক্ষায় পাসের হার মাত্র ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪০ হাজার পরীক্ষার্থী। এ ফলাফলের মধ্যদিয়ে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা সামনে এসেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি দৈনিকের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফলে প্রকৃত চিত্র বের হয়ে এসেছে।’
শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়াকে দায়ী করেন তিনি। সারজিস আলম বলেন, এ পরিস্থিতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার দায় রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
আওয়ামী লীগ সরকারের সময়ের পরীক্ষার ফলাফলের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু ঠিকমতো ইংরেজিতে একটা লাইনও লিখতে পারত না। আমরা ওই ধরনের শিক্ষাব্যবস্থা আর চাই না।’
দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।