
দীর্ঘ ৯ বছরের অবসান ঘটিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। ফেব্রুয়ারির প্রথম তিন দিনের (১, ২ ও ৩ তারিখ) যেকোনো একদিন রাষ্ট্রপতির সময়সূচি সাপেক্ষে সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ই সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি কার্যালয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে প্রশাসনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রাষ্ট্রপতি সমাবর্তন আয়োজনের বিষয়ে তাঁর নীতিগত সম্মতি প্রদান করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে মূল সনদ প্রদান করা হবে। দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তন আয়োজনের খবরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর গত ৪৭ বছরে ইবিতে অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি সমাবর্তন। প্রথম সমাবর্তন হয় ১৯৯৩ সালের ২৭ এপ্রিল, দ্বিতীয়টি ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর, তৃতীয়টি ২০০২ সালের ২৮ মার্চ এবং সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি। চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১১-১২ শিক্ষাবর্ষ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর এবং ২৩৬তম সিন্ডিকেটে অনুমোদন প্রাপ্ত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীরা অংশগ্রহণ করেন।